কুমিল্লা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যুবসমাজ বেকার ভাতা চায় না; তারা চায় সম্মানের কাজ। যুবকদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তোলাই তার দলের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওপর আস্থা রেখে বলতে পারি, বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। আগামী ১৩ তারিখ থেকে মানুষ সেই পরিবর্তন দেখতে চাচ্ছে।
তিনি বলেন, যুবকদের কাজের উপযোগী করে দক্ষ জনবল হিসেবে গড়ে না তুলে কেন বেকার ভাতার গল্প শোনানো হবে? যুবকরা তো আমাদের কাছে বেকার ভাতার দাবি করছে না। এই যুবক-যুবতীদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তুলব। হাতে হাতে সম্মানের কাজ তুলে দেব। তারা সেদিন গর্ব করে বলবে—আমি বাংলাদেশ। আমরা সেই গর্বিত বাংলাদেশ গড়তে চাই এবং এই দেশ তাদের হাতেই তুলে দিতে চাই।
জামায়াত আমির আরও বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ যে পরিবর্তন আসবে, তা আসবে যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্য মানব না, কোনো ফ্যাসিবাদ মানব না এবং কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না।
রিপোর্টার্স২৪/আয়েশা