পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশালের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ এ নোটিশ জারি করেন।
নোটিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার, দশমিনা বরাবর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে নোটিশ প্রদান করা হয়েছে। অভিযোগটি সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে বিচারিক কমিটির কাছে পৌঁছায়।
অভিযোগে বলা হয়, গত ২৭ জানুয়ারি নির্বাচনি প্রচারণার সময় নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন, যা সংসদ নির্বাচনে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার, চরবোরহান এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনি অফিসে নুরুল হক নুরের কর্মী-সমর্থকরা ভাঙচুর চালিয়েছেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন, যা আচরণবিধির ৬(ক) ধারার পরিপন্থি।
নোটিশে বলা হয়েছে, উল্লিখিত অভিযোগের বিষয়ে কেন নুরুল হক নুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—তা ব্যাখ্যা করার জন্য তিনি আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ পাবেন।
রিপোর্টার্স২৪/আয়েশা