রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। তাই এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতের আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌকা, ধানের শীষ, লাঙ্গল সব শেষ। এবার জনগণ পরিবর্তন চায়। তিনি অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ৫ আগস্টের পর সারা দেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা এ সব কর্মকাণ্ড জনগণ লক্ষ্য করেছে। তিনি ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দুনীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/ঝুম