রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তার গাড়ি বহর বগুড়ার হোটেল নাজ গার্ডেন ত্যাগ করে। এদিন সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে তিনি নির্বাচনি জনসভায় বক্তৃতা দেবেন। এরপর বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার আরেকটি জনসভা অনুষ্ঠিত হবে।
রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কালাম আজাদ জানান, সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শাহজাহানপুর ও শেরপুর উপজেলায় পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
এদিকে, বগুড়া ছাড়ার আগে হোটেল নাজ গার্ডেনের বলরুমে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, “আমাদের নেতা বহুদিন পর কাছাকাছি থেকে মতবিনিময় করেছেন এবং সকলের খোঁজ নিয়েছেন। সতর্কতার সঙ্গে ভোটে মনোযোগী হওয়ার নির্দেশও দিয়েছেন।”
বৈঠকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর হেন, সদর বিএনপির সভাপতি মাখতুম রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক হিরু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান।
এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘী-দুপচাঁচিয়া) আসনের প্রার্থী মুহিত তালুকার, বগুড়া-৫ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের প্রার্থী মোর্শেদ মিল্টন।
নাজ গার্ডেনের কর্ণধার শোকরানা বলেন, “বিএনপি চেয়ারম্যান সকালে নাস্তা সেরে হোটেল ত্যাগ করেছেন। নিরাপত্তাজনিত কারণে বাইরের কোনো অতিথি রাখা হয়নি।”
এর আগে তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সাতটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
এরপর চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে তিনি অংশ নেন। একদিন বাদে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা এবং গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা দেন। এরপর বৃহস্পতিবার রাজশাহী থেকে তিন দিনের নির্বাচনি সফর শুরু করেন তিনি।
রিপোর্টার্স২৪/আয়েশা