রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের জন্য বহুকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করেছেন, এই নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে স্বাধীনতার অর্জনও হুমকিতে পড়তে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা-১৭ আসনের ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনি প্রচারণা ও সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, “বাংলাদেশ অতীতেও দুঃসময় দেখেছে। তবে দেশ এখনো একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতা না পেলে আমরা আজও পরাধীন থাকতাম। ১৯৭৫ সালের পরে যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হত, এবং জিয়াউর রহমান দেশের হাল ধরতেন না, তাহলে স্বাধীনতার অর্জন ক্ষতিগ্রস্ত হতো। এবারও ভুল করলে দেশ পিছিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ থাকলেই আমরা থাকব, দেশ না থাকলে আমাদের অস্তিত্বের প্রশ্নই আসে।” বক্তব্যের সময় উপস্থিত জনতা তা সমর্থন জানিয়ে ‘ঠিক’ বলে সাড়া দেন।
আবদুস সালাম অভিযোগ করেন, দেশে একটি ষড়যন্ত্র চলছে যাতে নির্বাচন না হয়। তার দাবি, এটি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় থেকেই। তিনি সবাইকে দেশের স্বার্থে নির্বাচনের গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/আয়েশা