রিপোর্টার্স২৪ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে কোনো রাজনৈতিক বিভাজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমি চৌদ্দগ্রামকে দলীয় চোখে দেখি না। এখানে আমি শুধু জামায়াতের নই আমি সবার তাহের ভাই।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, চৌদ্দগ্রাম তার জন্মস্থান এবং এ জনপদ বহু গুণী মানুষের জন্য পরিচিত। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি দুটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন রাজনৈতিক সহাবস্থান ও শান্তি। তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম, নির্বাচিত হলে চৌদ্দগ্রামে আর রক্ত ঝরবে না। আমার সময়ে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বন্ধ করে সহাবস্থানের পরিবেশ তৈরি করেছিলেন এবং সে সময় বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল।
ডা. তাহের জানান, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাগারে থাকা অবস্থায় চৌদ্দগ্রামের নেতাদেরই প্রথম ফোন করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই প্রতিহিংসা যেন মাথাচাড়া না দেয়। আমি স্পষ্ট করে বলেছিলাম, কোনো আগুন, কোনো হামলা, কোনো প্রতিশোধ চাই না। চৌদ্দগ্রামের আকাশে ধোঁয়া দেখতে চাই না, বলেন তিনি।
চৌদ্দগ্রামের মানুষকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জনসভায় সবাই জামায়াত করেন না। অনেকে বিএনপি করেন, অনেকে অন্য দল করেন। তবুও সবাই এখানে কারণ আমরা সবাই ভাই।
সংসদ সদস্য প্রসঙ্গে তিনি বলেন, একজন এমপি কোনো দলের প্রতিনিধি নন, তিনি পুরো এলাকার মানুষের প্রতিনিধি। দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য।
রিপোর্টার্স২৪/ঝুম