সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ শেষ পর্যন্ত তাদের ওপরই আস্থা রাখে যারা অতীতে পরীক্ষিত এবং বাস্তবে ভরসাযোগ্য। তিনি দলের স্লোগান‘করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার (৩১জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের যমুনার পশ্চিম পাড়ে বিসিক শিল্প পার্ক নগরীর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে বিভ্রান্তি ও ষড়যন্ত্র সৃষ্টির চেষ্টা হতে পারে, সে বিষয়ে নেতাকর্মী ও ভোটারদের সতর্ক থাকতে হবে। তার দাবি, গত ১৬ বছরে যারা জনগণের পাশে ছিল না এবং দেশ ছেড়ে পালিয়েছে, তারা নতুন করে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘ সময় দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং আন্দোলনে বহু পরিবার স্বজন হারিয়েছে। এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার সময় এসেছে।
কৃষি খাতের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষিনির্ভর শিল্প গড়ে তুলে কৃষকদের সহায়তা করা হবে। কৃষকদের ঘরে বসেই সার, বীজ ও কীটনাশক পাওয়ার সুবিধা নিশ্চিত করতে কৃষি সহায়তা কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রয়োজনীয় সহায়তা ও উপকরণ দিয়ে এই শিল্পকে শিল্পায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বাড়ানো হবে।
নারীদের স্বাবলম্বী করতে শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
তরুণদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এতে তারা বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের জন্য সুনাম ও রেমিট্যান্স বয়ে আনতে পারবে।
তিনি বলেন,এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে যদি ভোটাররা নির্ধারিত দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেন।
জনসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সভা শেষে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।
রিপোর্টার্স২৪/এসসি