সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি দল বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।
শনিবার (৩১জানুয়ারি) দুপুরে পল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানিয়েছে। পুরুষরা মহিলাদের বুথে নিয়ে আসবে এমনও হতে পারে। আমি নিজে বোরকা পরার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে আসবেন, এটা আমরা সহ্য করব না। এটি ধরতে হবে।
তিনি আরও বলেন, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। সরকার ও নির্বাচন কমিশন দেশের মানুষের জন্য ভালো নির্বাচন উপহার দেবে। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি হয়, তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে। কোনো ধরনের অসততা ভোটাধিকার নষ্ট করতে পারবে না।
মির্জা আব্বাস দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, দেশ ও জাতি বর্তমানে অস্বস্তিকর অবস্থায় রয়েছে। কিছু ক্ষেত্রে ভালো অবস্থায় আছি, যেমন পুলিশ এখন উপদ্রব করে না। তবে অন্যদিকে আমরা ভালো নেই।
তিনি দেশের গত ১৭ বছরের রাজনীতি উল্লেখ করে বলেন, এই সময়ে পাঁচ হাজার কর্মী নিখোঁজ হয়েছেন, চার হাজার মানুষ শহীদ হয়েছেন। আমরা বছরের পর বছর জেল খেয়েছি এবং জনগণের পায়ের নিচের মাটি শক্ত করেছি।
অভিজ্ঞতার গুরুত্বের ওপর জোর দিয়ে মির্জা আব্বাস বলেন, বয়স মানেই অচল হয়ে যাওয়া নয়। বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য সম্পদ। অভিজ্ঞদের পরামর্শ কাজে লাগানো না হলে নতুন প্রজন্ম সফল হতে পারবে না।
রিপোর্টার্স২৪/এসসি