সিনিয়র রিপোর্টার: ঢাকা মহানগরী ও দেশের বিভিন্ন আসনে অস্বাভাবিক ‘ভোটার মাইগ্রেশন’ এবং ধর্মীয় আবেগকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, গত এক-দেড় বছরের মধ্যে কিছু নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক নতুন ভোটার হয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক। ইসি জানিয়েছে কোনও আসনে ২-৩ হাজারের বেশি মাইগ্রেশন হয়নি। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে, অনেক জায়গায় একটি হোল্ডিং নাম্বারে যেখানে ৫ জন থাকার কথা, সেখানে ২০-৩০ জন ভোটার করা হয়েছে। তিনি এই মাইগ্রেশনের সঠিক ও আসনভিত্তিক তথ্য প্রকাশের দাবি জানান।
নজরুল ইসলাম খান আরও বলেন, কোনও কোন এলাকায় ধর্মীয় বিশ্বাস ও আবেগকে আহত করা হচ্ছে। প্রচার করা হচ্ছে যে কবরে ফেরেশতারা তিনটি প্রশ্নের বদলে চারটি প্রশ্ন করবেন; চতুর্থ প্রশ্ন হবে কোন প্রতীকে ভোট দিয়েছেন? এটি হাস্যকর এবং চরম দুর্ভাগ্যজনক। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা গ্রহণযোগ্য নয়।
নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার নামে ‘শান্তি কমিটি’ গঠনের পরিকল্পনা নিয়ে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। নজরুল ইসলাম খান বলেন, শান্তি কমিটি শব্দটিই আমাদের কাছে অপ্রীতিকর স্মৃতি। ইসি জানিয়েছে এ ধরনের কমিটির কোনও সিদ্ধান্ত তাদের নেই। এছাড়া নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনি এলাকার বাইরের নেতাকর্মীদের এলাকা ছাড়ার বিষয়ে কঠোর নির্দেশনার দাবি জানানো হয়েছে।
নির্বাচন পরিচালনায় বিএনসিসি ক্যাডেটদের যুক্ত করার বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। নজরুল ইসলাম খান বলেন, ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আইনে যাদের উল্লেখ আছে, তাদেরই রাখা উচিত।
বিএনপি ইসিকে পরামর্শ দিয়েছে, ৮১টি সংস্থার ৫৫ হাজার পর্যবেক্ষক অনুমোদনের ক্ষেত্রে সক্ষম প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হোক, যাতে নির্বাচনী কার্যক্রম ব্যাহত না হয়।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি