রংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে। তিনি বলেন, সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম, আর তারা বাইরের প্রভাবের কারণে আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরের সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট আয়োজন করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোট আয়োজন দেশদ্রোহিতা হিসেবে একদিন প্রমাণিত হবে। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে।
তিনি দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, চিহ্নিত খুনিদের ছেড়ে দিয়ে নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় জেলে পাঠানো হচ্ছে। সবখানে অন্যায়-অত্যাচার চলছে। ইনকিলাব বলে দেশ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম।
প্রচারণার ভালো সাড়া পাওয়া প্রসঙ্গে জি এম কাদের বলেন, রংপুর বিভাগের সব এলাকায় আমাদের প্রার্থীদের অবস্থান ইতিবাচক। বিগত দিনে অন্যায়-অত্যাচারের কারণে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে এবার আমরা আরও বেশি ভোট ও আসন লাভ করতে পারব।
গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/এসসি