সিনিয়র রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মতো অবিচল ছিলেন।
রবিবার ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মহাখালী কমিউনিটি সেন্টার চত্বরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজন করা শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া নিজের ও পরিবারের সুখ-শান্তি চাইলে বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিংবা বিদেশে পালিয়ে গিয়ে রাজকীয় জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি সারাজীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, অথচ কোনো দুর্নীতি তাকে স্পর্শ করেনি। মিথ্যা মামলা ও দীর্ঘ কারাবন্দির মাধ্যমে তাকে কষ্টের মধ্যে রাখা হয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী ছিলেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। রিজভী সভাসমক্ষে ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানান।
শোকসভায় প্রধান বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মা ছিলেন, তিনি আজীবন আপোষহীনভাবে গণতন্ত্র রক্ষা করেছেন, জেল খেটেছেন এবং নির্যাতিত হয়েও আপস করেননি।
মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, ভাসানী নারী মুক্তিপার্টির সদস্য সচিব শাহানা বেগম ও বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক।
রিপোর্টার্স২৪/এসসি