স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। রাজনৈতিক সমঝোতা ও আইনি জটিলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আটটি আসন বিএনপি ছেড়ে দিয়েছে। ফলে ওই আসনে বিএনপির প্রার্থী নেই, তাই ধানের শীষও দেখা যাবে না। এছাড়া কুমিল্লা-৪ আসনে আদালতের রায়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেখানে ধানের শীষ অনুপস্থিত থাকবে।
হিসাব অনুযায়ী, ৩০০ আসনের সংসদে পাঁচটি মিত্র দলকে মোট আটটি আসন দিয়েছেন বিএনপি। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে চারটি আসন। বাকি চারটি আসন ভাগ করেছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি এবং গণঅধিকার পরিষদ। এই আসনে সংশ্লিষ্ট দলের প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে লড়ছে। এর মধ্যে সিলেট-৫ আসনে দলের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাকি মিত্রদের ক্ষেত্রে:
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলন, জোনায়েদ সাকি, মাথাল প্রতীক
ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, কোদাল প্রতীক
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদ, নুরুল হক নুর, ট্রাক প্রতীক
ভোলা-১: বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, আন্দালিভ রহমান পার্থ, গরুর গাড়ি প্রতীক
নির্বাচনে ধানের শীষ না থাকলেও কিছু আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্রভাবে লড়ছেন। তবে দল ইতিমধ্যেই তাদের বহিষ্কার করেছে।
রিপোর্টার্স২৪/বাবি