| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:১৪:৫৩:অপরাহ্ন  |  ৬৯২৩৮৩ বার পঠিত
৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ কারণে বিটিভিতে রাজনৈতিক দলের প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য নির্দিষ্ট স্লট বরাদ্দসংক্রান্ত বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বিটিভি কর্তৃপক্ষকে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য আলাদা স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে বিটিভি।

এ ছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসার অনুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে প্রচারণার জন্য এখন পর্যন্ত আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪