স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গ্রাউন্ডস কমিটির ব্রিফিংকে কেন্দ্র করে এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক অধিনায়ক ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট।
এদিন দুপুর ১২টার দিকে মাঠের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হন পাইলট। শুরুতে পরিবেশ স্বাভাবিক থাকলেও বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে সাম্প্রতিক কড়াকড়ি ও ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণ জানতে চাইলে পরিস্থিতি ঘোলাটে হয়।
উপস্থিত পরিচালক আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট কেউই এই বিধিনিষেধের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
একপর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের ধরনে ক্ষিপ্ত হয়ে পাইলট মন্তব্য করেন, প্রশ্ন করার ভঙ্গি তার পছন্দ হয়নি। এমনকি ওই সাংবাদিক ‘ভিউ’ বাড়ানোর উদ্দেশ্যে এমন প্রশ্ন করছেন বলেও মন্তব্য করেন তিনি। প্রবেশের বিষয় তার বিভাগের কাজ নয় বলে এড়িয়ে যান পাইলট।
এছাড়া গ্রাউন্ডস কমিটির নতুন প্রকল্পের বাজেট বা তা সরেজমিনে দেখার সুযোগ মিলবে কি না—এমন প্রশ্নেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব