| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের ৬টি সিলসহ গ্রেপ্তার ব্যবসায়ী জামায়াত কর্মী: এ্যানি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ২১:৩৯:৫৩:অপরাহ্ন  |  ৬৯১৯৩৮ বার পঠিত
ভোটের ৬টি সিলসহ গ্রেপ্তার ব্যবসায়ী জামায়াত কর্মী: এ্যানি
ছবির ক্যাপশন: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে শহরের গোডাউন রোডের বশির ভিলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এর আগে মঙ্গলবার(৩ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রেস’ থেকে ব্যালট পেপারে ব্যবহৃত ছয়টি সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইলফোনসহ প্রেস মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

লিখিত বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গ্রেপ্তার হওয়া সোহেল রানা একজন জামায়াত কর্মী। তার পদ-পদবীও থাকতে পারে। একটি কম্পিউটারসহ ছয়টি ভোটের সিল জব্দ করা হয়েছে। এই সিলগুলো কারা তৈরি করেছে এবং কার ইন্ধনে তৈরি হয়েছে, এর পেছনে নিশ্চয়ই একটি সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, শুধু লক্ষ্মীপুর নয়, সারাদেশে বিএনপি এগিয়ে থাকায় একটি পক্ষ পরিকল্পিতভাবে ভোটে কারচুপি করার চেষ্টা করছে।

এ্যানি আরও বলেন, এই সিলগুলো কার নির্দেশে তৈরি করা হয়েছে, কোন প্রার্থী বা কোন নেতার ইন্ধন রয়েছে,তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনকে আরও সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে অন্য কোথাও এ ধরনের জালিয়াতি না ঘটে। শুধু সিল নয়, ব্যালট জালিয়াতির ঘটনাও ঘটতে পারে সে বিষয়েও আগাম ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক কেন্দ্রে যেন জাল ভোট ও জালিয়াতি না হয়, সে জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। নইলে নির্বাচন আগেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, নির্বাচনী সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ দলের অন্যান্য নেতারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪