স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপিকে অস্তিত্বহীন করতে গিয়ে শেখ হাসিনা নিজেই রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের শেষ ফল কখনো ভালো হয় না। অনেকেই এই সরকারের অত্যাচারের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাসহ অসংখ্য নিরীহ মানুষ মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন। তিনি বলেন, আমরাও যখন জেলে ছিলাম, তখন তাদের সঙ্গে দেখা হতো। সরকারের চরম জুলুমের কারণে বিএনপির অনেক নেতাকর্মীর পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নেবেন।
দক্ষিণখান এলাকাকে সমস্যা-জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে এ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, দক্ষিণখান ও উত্তরখান থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিপোর্টার্স২৪/বাবি