স্টাফ রিপোর্টার,বরিশাল: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশে নারী-পুরুষ একসাথে মাঠে কাজ করেন। কৃষকের সঙ্গে কৃষাণীরাও মাঠে কাজ করছেন। শুধু মাঠ নয়, সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে গার্মেন্টস খাত এগিয়ে নিয়ে যাচ্ছেন নারীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশালের বেলস পার্ক ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যে রাজনৈতিক নেতৃত্ব দেশের মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে কোনো অগ্রগতি বা মর্যাদাপূর্ণ রাজনীতি আশা করা যায় না। ইসলামের ইতিহাসে নারীদের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করলে বোঝা যায়, নারীদের পেছনে রেখে কোনোভাবেই দেশ এগোতে পারে না।
তারেক রহমান অভিযোগ করেন, বাংলাদেশে নতুন এক ধরনের জালিমের আবির্ভাব হয়েছে, যারা গুপ্ত সংগঠনের মাধ্যমে জনগণের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার হরণ করা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থার পতন ঘটে এবং বাংলাদেশ আবার জনগণের হাতে ফিরে আসে।
রিপোর্টার্স২৪/এসসি