স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অথচ, এদিনই বিটিভি ও বাংলাদেশ বেতারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ দেয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াত আমিরের ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান এই ভাষণ দিতে চেয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব