সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান বলেছেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা এবং মেধার যথাযথ মূল্যায়নে বিশ্বাস করে। মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই দলের রাজনৈতিক লক্ষ্য। বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে নেতার আগে জনতা থাকবে।
বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জোবায়দা রহমান বলেন, আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, করাইল সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাকশ্রমিক ও একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তিনি তাদের হৃদয়বিদারক জীবনের কথা শুনেছেন। এসব অভিজ্ঞতা সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে।
তিনি আরও বলেন,আমাদের প্রত্যেকের জীবনেই নানা ধরনের সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ডা. জোবায়দা রহমান বলেন, আপনারা মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের সমস্যাগুলো আরও মনোযোগ দিয়ে শুনবো, জানবো এবং সমাধানের পথ খুঁজে বের করবো। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ এই দর্শনকে সামনে রেখে একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি