| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় গেলে কৃষি শিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ২০:১৪:৪২:অপরাহ্ন  |  ৬৯২৯৫৬ বার পঠিত
ক্ষমতায় গেলে কৃষি শিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ: শফিকুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় নির্বাচনি ঐক্য ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দুঃখ মোচন করা হবে। অবহেলিত এই জনপদকে দেশের ‘কৃষি শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতের যৌথ উদ্যোগে তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিস্তা নদীকে উত্তরবঙ্গবাসীর জন্য ‘এক সাগর দুঃখ’ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা কথা দিচ্ছি, আল্লাহর ইচ্ছায় তিস্তাকে আমরা জীবন দেব। তিস্তা আর কঙ্কাল কিংবা মরুভূমি হয়ে থাকবে না। এটি হবে উত্তরবঙ্গের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। তিনি জানান, তিস্তা থেকে জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নদীভাঙন রোধ করে হাজার হাজার পরিবারকে ভিটেমাটি হারানোর হাত থেকে রক্ষা করা হবে।

উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে বুড়িমারী স্থলবন্দরকে আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসারে বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণ করা হবে।

তিনি বলেন, অবহেলিত এই জনপদ থেকেই বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সূচনা হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা দেশের ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ সুযোগ দিলে তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই সম্পদ বের করে আনা হবে। জনগণের অর্থ লুটকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্র যদি কর্মচারীদের সম্মানের সঙ্গে চলার মতো পর্যাপ্ত বেতন না দেয়, তাহলে রাষ্ট্রই তাদের দুর্নীতিতে বাধ্য করে। ক্ষমতায় গেলে সরকারি চাকরিজীবীদের মর্যাদার আসনে বসানো হবে, যাতে তাদের অসদুপায় অবলম্বন করতে না হয়।

বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা তরুণদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। যথাযথ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ কারিগর, ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট হিসেবে গড়ে তুলব, যাতে তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় বৈষম্য দূর করার বিষয়ে তিনি বলেন, আমরা এ দেশে আর মেজরিটি ও মাইনরিটি শব্দ শুনতে চাই না। সকল ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার পাবে। আমরা আমাদের বুকের চাদর দিয়ে অন্য ধর্মের ভাই-বোনদের আগলে রাখব।

জনসভায় ডা. শফিকুর রহমান নীলফামারী ও লালমনিরহাট জেলার সাতটি সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪