স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, এলাকা বা গোষ্ঠীভিত্তিক নয়, ন্যায্যতার ভিত্তিতে পুরো আসনে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
বুধবার (৪ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণখান ৫০ নম্বর ওয়ার্ডের দেওয়ান সিটি প্রাঙ্গণে গণসংযোগ কর্মসূচির আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে উত্তরার সেক্টরভিত্তিক এলাকার তুলনায় রেললাইনের অপর পাশের উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ বাউনিয়া অঞ্চল পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের প্রতিটি এলাকাকে সেক্টরের মতো পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করে বলেন, এই এলাকার মানুষকে অবহেলার চোখে দেখা হয় এবং অনেক সময় ‘নিম্ন অঞ্চল’ বলেও কটাক্ষ করা হয়। অথচ এখানকার মানুষ কোনো দিক থেকেই পিছিয়ে নয়; সমাজ ও অর্থনীতিতে তারা সমান অবদান রেখে চলেছে। রাষ্ট্রীয় পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবেই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে তারা বঞ্চিত হয়েছে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিনি রেললাইনের দুই পাশের এলাকাকে কার্যকর সড়ক যোগাযোগের মাধ্যমে সংযুক্ত করার আশ্বাস দেন। এতে করে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসাসেবায় মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে জানান তিনি।
আবাসন ও নগর পরিকল্পনা প্রসঙ্গে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, রাজউকের নীতিমালা মেনে পরিকল্পিত ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে। অপরিকল্পিত ভবন ও অবৈধ স্থাপনার কারণে জলাবদ্ধতা, যানজট ও নাগরিক দুর্ভোগ বাড়ছে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি সড়ক প্রশস্তকরণ ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কেউ যেন বিনা অপরাধে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে অপরাধের কোনো স্থান নেই। আমরা নিজেরা অপরাধে জড়াবো না এবং কাউকেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে দেব না। বিএনপির রাজনীতি হবে মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ইতোমধ্যেই নারীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নারীদের মর্যাদা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিএনপি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে।
পথসভায় ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম, দক্ষিণখান থানা বিএনপির বিল্লাল হোসেন দুলাল ও আতাউর রহমান, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার এবং যুবদল নেতা মো. আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/এসসি