সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনই উত্তেজিত হয়ে পড়ার কোনো কারণ নেই। তিনি বলেন, মাঘ মাসে মাথা গরম করলে লাভ নেই, সামনে চৈত্র মাস আছে। এখনই যদি মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কী করবেন পুরোপুরি আউট হয়ে যাবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর এ টিম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ঘরে-বাইরে, কর্মস্থলসহ সর্বত্র মায়েদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, এমন বাংলাদেশ গড়া হবে, যেখানে কোনো জালিম নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।
তিনি আরও বলেন, রাজনীতিতে মাথা ঠাণ্ডা রেখে মানুষের কথা শোনা জরুরি। মানুষ কী ভাবছে, কী চায় তা মনোযোগ দিয়ে শুনলে দেশও বাঁচবে, মানুষও বাঁচবে।
চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কখনো চাঁদাবাজি করে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেবে না। দুর্নীতিবাজদের কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, ব্যাংক ডাকাতি বা ব্যাংক লুটের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই। মামলা বাণিজ্য জামায়াতের রাজনীতির চরিত্র নয়, যারা এই কাজ করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও আচরণের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সম্প্রতি কিছু মানুষ মায়েদের নিয়ে অশালীন ও অপমানজনক আচরণ করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিনয়ের সঙ্গে এসব আচরণ পরিহারের আহ্বান জানান।
তিনি বলেন, আমরা সবাই মায়ের সন্তান মায়ের গর্ভে জন্মেছি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দেওয়া হবে, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাই তিনি সবাইকে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/এসসি