স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, তিনি ঢাকা-১২ নির্বাচনি এলাকা জবাবদিহিতার রোল মডেল হিসেবে গড়তে চান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজকুনিপাড়া, কলমিলতা মার্কেট ও হোন্ডাগলি সংলগ্ন এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে স্থানীয় সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।
তাসলিমা আখতার বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। ১২ দফা নির্বাচনি ইশতেহারে আমরা সঙ্কট সমাধানের পথ-নকশা বিস্তারিতভাবে তুলে ধরেছি। ভোটারদের সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ‘সিটিজেন কাউন্সিল’ গঠন করা হবে। আমাদের লক্ষ্য ঢাকা-১২ কে সারা দেশের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হিসেবে দাঁড় করানো।
তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। গণসংহতি আন্দোলন নারী প্রার্থীকে অনুপাতের চেয়ে বেশি হারে মনোনয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটাররা এই নারী প্রার্থীদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
রিপোর্টার্স২৪/বাবি