বরিশাল প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণ ও শাসনব্যবস্থার অপব্যবহারের ফলে জনগণ নিপীড়িত হয়েছে। তবে এখন দেশের প্রকৃত নিয়ন্ত্রক শক্তি জনগণই। তিনি বলেন, জনগণই আগামী দিনে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছান তারেক রহমান। দুপুর ১২টা ২০ মিনিটে মঞ্চে উঠলে উপস্থিত জনতা তাকে স্বাগত জানান। কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
তারেক রহমান বলেন, যারা নিজেদের দেশের মালিক মনে করত, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের ঘরে বন্দি রেখে কোনো জাতি উন্নত হতে পারে না। তিনি নারী শিক্ষা ও কর্মসংস্থানে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
কৃষি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালে হিমাগার স্থাপন, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে বীজ ও সার বিতরণ, ক্ষুদ্র কৃষিঋণ মওকুফ এবং ভোলা গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলাবে।
সমাবেশে তিনি বরিশাল বিভাগের ২১ জন বিএনপি প্রার্থীর পরিচয় করিয়ে দেন এবং বলেন, নির্বাচিত হলে তারা জনগণের পাশে থাকবে ও এলাকার সমস্যা সমাধানে কাজ করবে।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বিএনপি আজ শুক্রবার নির্বাচনী ইশতেহার-২০২৬ ঘোষণা করতে যাচ্ছে। বিকেল সাড়ে ৩টায় সোনারগাঁও হোটেলের বলরুমে এই ইশতেহার ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী রবিবার বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার উত্তরবঙ্গের আরো তিনটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এদিন সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর যাবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁও যাবেন। জেলার হাই স্কুল মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি। ঠাকুরগাঁও থেকে ফের হেলিকপ্টারযোগে নীলফামারী যাবেন। সেখানে জেলার পৌরসভার বড় মাঠে সমাবেশে যোগ দেবেন বিএনপিপ্রধান। সেখানে সমাবেশ শেষে হেলিকপ্টারে যাবেন দিনাজপুরের বিরামপুরে। বিরামপুর সরকারি কলেজ মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। সেখান থেকে বিমানে ঢাকা ফিরবেন তারেক রহমান।
রিপোর্টার্স২৪/বাবি