সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলা বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্র জানায়, এক দিনের এই সফরে তিনি বরিশাল বিভাগের তিন জেলায় ধারাবাহিক তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে সরাসরি মাঠে নেমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
জানা গেছে, এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টার মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। এরপর দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলায় দ্বিতীয় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সবশেষে জুমার নামাজের পর পিরোজপুর জেলার ঝালকাঠিতে তৃতীয় জনসভায় অংশ নেবেন তিনি।
বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।
দলীয় নেতাকর্মীদের মতে, নির্বাচনের শেষ পর্যায়ে জামায়াত আমিরের এই এক দিনের টানা সফর প্রার্থীদের মনোবল চাঙা করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি করতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি