সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অপরাধ করলে কারও জন্য ভিন্ন বিচার থাকবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা বিজয়ী হলে দেশের প্রতিটি মানুষ বিজয়ী হবে। তিনি বলেন, জামায়াত একটি এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবার সমান অধিকার থাকবে এবং বিচার ব্যবস্থা হবে নিরপেক্ষ ও বৈষম্যহীন।
জামায়াত আমির দাবি করেন, ক্ষমতায় গেলে দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। তিনি বলেন, অতীতে দেশে অহরহ হত্যাকাণ্ড ঘটেছে এবং বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না।
দেশের অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যারা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকেই সেই টাকা উদ্ধার করা হবে। আমরা দুর্নীতির ডাল-পাতা নয়, গোড়া ধরে টান দেব, বলেন তিনি।
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা লুটপাটের সঙ্গে জড়িত নয়, কেবল তারাই দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে পারবে।
নারী নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। জামায়াত ক্ষমতায় গেলে দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
নিজেদের ওপর নিপীড়নের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, সংগঠন নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতির মধ্যেও জামায়াত জনগণের পাশে থেকেছে। ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের প্রথম ভোট হবে গণভোট। এরপর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, এই বাংলাদেশই থাকবে, তবে এর চরিত্র বদলে যাবে এটা হবে গণমানুষের বাংলাদেশ।
রিপোর্টার্স২৪/এসসি