স্পোর্টস ডেস্ক: ডমিনিক ক্যালভার্ট-লুইনের মৌসুমের দশম গোলের দিনে নটিংহাম ফরেস্টকে ৩-১ ব্যবধানে হারিয়ে রেলিগেশন শঙ্কা অনেকটাই কাটিয়েছে লিডস ইউনাইটেড। শুক্রবার এল্যান্ড রোডে দাপুটে পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তোলে স্বাগতিকরা।
এই জয়ে ২৫ ম্যাচে লিডসের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯। টেবিলের ১৬ নম্বরে থাকলেও অবনমন অঞ্চলের দলগুলোর চেয়ে তারা এখন ৯ পয়েন্টে এগিয়ে। অন্যদিকে ফরেস্ট রেলিগেশন জোনের ওপরেই থাকলেও তাদের অবস্থান এখনও অনিশ্চিত।
ম্যাচের ২৬তম মিনিটে ইলিয়া গ্রুয়েভের বাড়ানো বলে অফসাইড ফাঁদ ভেঙে লিডসকে এগিয়ে দেন জেডেন বোগল। চার মিনিট পর জেমস জাস্টিনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নোয়াহ ওকাফোর। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্রুয়েভের ক্রস থেকে চতুর ফিনিশে গোল করে লিডসের জয় প্রায় নিশ্চিত করেন ক্যালভার্ট-লুইন।
শেষ দিকে বদলি হিসেবে নেমে ফরেস্টের হয়ে অভিষেক ম্যাচেই সান্ত্বনাসূচক গোল করেন ইতালিয়ান ফরোয়ার্ড লরেঞ্জো লুক্কা। ম্যাচ শেষে বোগল বলেন, এটা ছিল বিশাল জয়। লড়াইয়ের ম্যাচ হলেও আমরা মানসিকভাবে শক্ত ছিলাম। তবে সামনে ম্যাচ ধরে ধরে এগোতে হবে।
ফরেস্ট ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের ভাষায়, শুরুর দিকেই পিছিয়ে পড়ায় ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। তৃতীয় গোলেই সব শেষ হয়ে গেছে।
এই জয়ের মাধ্যমে লিডস ইউনাইটেড অবনমন লড়াইয়ে বড় স্বস্তি পেল।
রিপোর্টার্স২৪/বাবি