| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ উত্তরের তিন জেলায় নির্বাচনী সফরে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৯:৫৭:১৮:পূর্বাহ্ন  |  ৬৬৯২৮৪ বার পঠিত
আজ উত্তরের তিন জেলায় নির্বাচনী সফরে তারেক রহমান

রিপোর্টার্স২৪ডেস্ক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় সফরে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি ঠাকুরগাঁওয়ে প্রথম জনসভায় অংশ নেবেন। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরের বিরামপুরে যাবেন বিএনপির এই শীর্ষ নেতা। দিনাজপুরে জনসভা শেষে তিনি তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়েই সফরের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠ সাজানো, মঞ্চ নির্মাণসহ সার্বিক আয়োজন প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি জনসভাস্থলে যাবেন তারেক রহমান। তাঁর আগমন ঘিরে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘমেয়াদি বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বিএনপি চেয়ারম্যান সরাসরি এলাকায় এসে জনসভা করলে এসব পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে তারা আশা করছেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে আসছেন—এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। তাঁর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুর জেলার বিরামপুরে যাবেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিরামপুরে তারেক রহমানের নানার বাড়ি রয়েছে। দীর্ঘদিন পর তিনি সেখানে গেলে এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হবে এবং এই অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ঘিরে মানুষের যে ভালোবাসা ও আবেগ রয়েছে, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভাগুলোতে বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমেই প্রমাণ হবে। তিনি আরও বলেন, এই সফর বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনকে নতুন করে দৃশ্যমান করবে।

সব মিলিয়ে উত্তরের তিন জেলায় তারেক রহমানের এই নির্বাচনী সফর বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন দলীয় নেতারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪