| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১২:১৫:৫৬:অপরাহ্ন  |  ৬৬৮৪৪৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি:  উত্তরাঞ্চলের তিন জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তৎকালীন তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান, যার উদ্বোধন করেন সে সময়ের স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সে কারণেই তারেক রহমানের এই উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিশেষ আবেগের সৃষ্টি করেছে, যা জনসভায় বিপুল জনসমাগমে প্রতিফলিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১১টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পবিত্র গীতা ও বাইবেল পাঠ করা হয়। জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক পয়গাম আলী।

সকাল থেকেই ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। অনেকের হাতে ছিল ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।

সমাবেশে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় প্রার্থীরা। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ এবং পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে বিমানে সৈয়দপুর পৌঁছে তারেক রহমান হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে আসেন। একই দিনে তিনি দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরও দুটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪