দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন।
শনিবার সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে অসুস্থ অবস্থায় জেলা কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট তিনটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।
শনিবার(৭ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন।
রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে তৎকালীন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্যও ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি