ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নয়, বরং দেশ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশের মানুষ হারানো ভোটাধিকার ফিরে পাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এবার জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পরিবারভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে নারীরা আর্থিকভাবে শক্তিশালী হবেন।
কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কৃষকরা সহজেই ঋণ, সার ও উন্নত বীজের সুবিধা পাবেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে জনগণের সহযোগিতা অপরিহার্য। “দেশের প্রকৃত মালিক জনগণ। তাদের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়,” বলেন তিনি।
ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, চিনিকলসহ বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা হবে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হবে। বেকারত্ব দূর করতে আইটি খাতে হাব গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
সরকার গঠন করতে পারলে যত দ্রুত সম্ভব এই অঞ্চলের বিমানবন্দর চালু করা হবে বলেও আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং বিচার ও সুযোগের ক্ষেত্রে কাউকে ধর্মের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বক্তব্যের শেষে তিনি একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনতে জনগণ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, কঠিন সময়ে তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন, তাকে সর্বাত্মক সমর্থন দেওয়া প্রয়োজন।
রিপোর্টার্স২৪/এসসি