স্পোর্টস ডেস্ক: ইউরোপীয় ফুটবলে শনিবার ছিল উত্তেজনা ও তারুণ্যের ছাপ। ১৮ বছর বয়সী লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলে লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করল বার্সেলোনা। অন্যদিকে, সেরহু গিরাসির শেষ মুহূর্তের গোলে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান কমাল বরুসিয়া ডর্টমুন্ড।
লা লিগায় ন্যু ক্যাম্পে মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় বার্সেলোনা। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় হানসি ফ্লিকের দল। ম্যাচের প্রথমার্ধে মার্কাস র্যাশফোর্ড একটি সুযোগ অল্পের জন্য বাইরে মারলেও আক্রমণে বড় ভূমিকা রাখেন। ২৯তম মিনিটে তার শট প্রতিহত হলে সেই বল থেকেই দানি ওলমোর হেডে সুযোগ পান রবার্ট লেভানডোস্কি। অভিজ্ঞ এই ফরোয়ার্ড কোনো ভুল না করে শান্ত মাথায় গোল করে দলকে এগিয়ে দেন।
বিরতির পরও আক্রমণাত্মক থাকে বার্সেলোনা। মার্ক কাসাদোর শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ৬১তম মিনিটে আলো ছড়ান লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শটে আসে গোল, যা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে তার গোলের রেকর্ড। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা আরেক তরুণ, ১৮ বছর বয়সী মার্ক বেরনাল, একক প্রচেষ্টায় নিচু শটে গোল করে ব্যবধান ৩-০ করেন।
এই জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এখন চার পয়েন্ট এগিয়ে, যদিও রিয়াল রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে।
জার্মান বুন্দেসলিগায় ভলফসবুর্গের মাঠে নাটকীয় জয় তুলে নেয় বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৮৭তম মিনিটে সেরহু গিরাসির গোলে ২-১ ব্যবধানে জিতে লিগের দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ড পয়েন্ট দাঁড় করায় ৪৮-এ। ২১ ম্যাচে তারা এখন শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে।
ডর্টমুন্ড প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে এবং ৩৮তম মিনিটে জুলিয়ান ব্রান্টের গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২তম মিনিটে কনস্টান্টিনোস কুলিয়েরাকিসের হেডে সমতা ফেরায় অবনমন শঙ্কায় থাকা ভলফসবুর্গ। এরপর একাধিক সুযোগ নষ্ট করে তারা। এরই খেসারত দিতে হয় শেষদিকে। ফাবিও সিলভা ও ফেলিক্স এনমেচার চমৎকার ওয়ান-টু পাসের পর বাঁ দিক থেকে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে জয়সূচক গোল করেন গিরাসি। এটি ছিল চলতি মৌসুমে তার দশম লিগ গোল।
দিনের অন্য ম্যাচগুলোতে ইতালির সিরি আ’তে নাপোলি জেনোয়ার বিপক্ষে মাঠে নামবে, শীর্ষে থাকা দুই মিলান ক্লাবের ওপর চাপ ধরে রাখার লক্ষ্যে। অবনমন ঝুঁকিতে থাকা ফিওরেন্তিনা খেলবে তোরিনোর বিপক্ষে। জার্মানিতে বায়ার লেভারকুসেন সফর করবে বরুসিয়া মোনশেনগ্লাডবাখে, আর স্পেনে রিয়াল সোসিয়েদাদ মুখোমুখি হবে এলচের, সাম্প্রতিক ভালো ছন্দ ধরে রাখার আশায়।
রিপোর্টার্স২৪/বাবি