রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তর অংশের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আয়োজিত এসব জনসভায় তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
দলীয় সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে তিনি যোগ দেবেন ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে আয়োজিত জনসভায়।
বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটের সামনে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বিকেলের পর প্রচারণা আরও জোরদার করে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সর্বশেষ সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।
দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। আজ ও আগামীকাল (সোমবার) মিলিয়ে এসব কর্মসূচির মাধ্যমে রাজধানীতে বিএনপির নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে বলে আশা করছে দলটি।
এর আগে শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
রিপোর্টার্স২৪/আরকে