স্টাফ রিপোর্টার: স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করার লক্ষ্যে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং ফরিদপুর-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।
সমর্থনের ঘোষণা দিয়ে দোলন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করাই এখন প্রধান দায়িত্ব। নীতির প্রশ্নে আমি কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, যারা ইনসাফের কথা বলেন, অনেক সময় তারাই বে-ইনসাফির কাজ করেন।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করাই সময়ের দাবি। সেই বিবেচনা থেকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দোলনের সমর্থনকে স্বাগত জানিয়ে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করব।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। দেশের মানুষ একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। দোলনের এই সিদ্ধান্ত ফরিদপুরের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং ধানের শীষের বিজয়কে আরও সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/এসসি