রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আটটি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগের দিন রোববারও ঢাকার একাধিক এলাকায় ধারাবাহিক জনসভা করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, আজ তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। সকাল থেকেই শুরু হবে তার এই কর্মসূচি, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।
কর্মসূচির সূচনা হবে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রথম বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর পর্যায়ক্রমে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় সভা ও সমাবেশে যোগ দেবেন।
দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে এবং বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এরপর বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে এবং বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে জনসভা করবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
এর আগে রোববার রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর-১০, মিরপুর মডেল থানা এলাকা, শ্যামলী ও বাড্ডাসহ মোট ছয়টি স্থানে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এসব জনসভায় তিনি সরকারের সমালোচনার পাশাপাশি দলের নির্বাচনী বার্তা তুলে ধরেন এবং ভোটারদের প্রতি আহ্বান জানান।
দলীয় সূত্রের মতে, নির্বাচনের আগে রাজধানীতে ধারাবাহিক এই জনসভাগুলোর মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে চায় বিএনপি।
রিপোর্টার্স২৪/ঝুম