স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই দেশের মানুষ একটি স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে জনগণ এই ভোটাধিকার অর্জন করেছে এবং মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসবের দিনে পরিণত হওয়া উচিত। ভোটাররা গর্বের সঙ্গে ভোটার লাইনে দাঁড়াবে, নিজেদের অনুভূতি প্রকাশ করবে এবং ভোটাধিকার প্রয়োগের আনন্দ উপভোগ করবে এটাই স্বাভাবিক প্রত্যাশা। এই প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, কেউ যদি জনগণের এই অধিকার কেড়ে নিতে চায় বা ভোটাধিকার প্রয়োগে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তাকে মনে রাখতে হবে এই জাতি প্রস্তুত রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের অধিকার রক্ষায় সদা সজাগ ও প্রস্তুত।
জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের অধিকার একবার সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার রক্ষায় আবারও লড়াই করা হবে, ইনশাআল্লাহ।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল ও প্রার্থীরা এ সিদ্ধান্তকে ভোটাধিকার ও তথ্যপ্রাপ্তির স্বাধীনতার পরিপন্থী বলে উল্লেখ করছেন।
রিপোর্টার্স২৪/এসসি