| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোবাইল নিষিদ্ধ, ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবে ভোটাররা: পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৫:৫৭:৪১:অপরাহ্ন  |  ৬৫৬০১৫ বার পঠিত
মোবাইল নিষিদ্ধ, ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবে ভোটাররা: পাটওয়ারী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে সরাসরি ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করা মানেই ভোটারদের চোখ বেঁধে দেওয়ার চেষ্টা। তার ভাষায়, মোবাইল যদি নিষিদ্ধ করা হয়, তাহলে ভোটারদের বলবো সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যান। কোথাও অনিয়ম বা অনৈতিক কিছু দেখলেই তা ভিডিও করে রাখুন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়ে ভোটের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, এটা স্পষ্টতই অগণতান্ত্রিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের কাজ ভোট সুষ্ঠু করা, কিন্তু এখানে উল্টোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম-এর স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

নির্দেশনায় উল্লেখ করা হয়, কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। এর বাইরে কারও জন্য মোবাইল বহনের অনুমতি থাকবে না।

তবে এই নিষেধাজ্ঞা গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি না সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ফোনালাপে তিনি বলেন, যদি দেখা যায় গণমাধ্যমকর্মীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন, তাহলে কমিশনাররা বসে বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

এদিকে মোবাইল ফোন নিষিদ্ধ সংক্রান্ত এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আরও কঠোর অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, সিদ্ধান্ত প্রত্যাহার না হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে। তিনি বলেন, একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের পরিকল্পনা করছে। যারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায়, তাদের হুঁশিয়ার করে বলছি কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, আমরা সেই পথ বন্ধ করে দেব।

তিনি আরও বলেন, মানুষের রায় উপেক্ষা করে যদি কারচুপি করা হয়, তাহলে দেশে আবারও জুলাই নেমে আসতে পারে। তবে আমরা বারবার জুলাই চাই না।

ভোটের আগে মোবাইল নিষেধাজ্ঞা, ক্যামেরা ব্যবহারের আহ্বান এবং রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচন ঘিরে উত্তাপ ও উদ্বেগ—দুটোই বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪