স্টাফ রিপোর্টার: সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় ঋণ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অভিযোগে বলা হয়, জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, যা নির্বাচন আচরণবিধি ও আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল-কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার হলেও এসব তথ্য হলফনামায় উল্লেখ করেননি।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নামে ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৮ টাকা ঋণ অনাদায়ি রয়েছে। আইন অনুযায়ী প্রার্থীর সকল ঋণ ও সম্পদের তথ্য হলফনামায় প্রকাশ করা বাধ্যতামূলক হলেও জামায়াত প্রার্থী তা গোপন করেছেন বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগ দাখিলের সত্যতা নিশ্চিত করে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন এবং আইন লঙ্ঘন করেছেন। এজন্য তার মনোনয়ন বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমরা অভিযোগ দাখিল করেছি।
এ বিষয়ে এখনো জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি