স্টাফ রিপোর্টার: ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ভোটকেন্দ্রে ভোটারদের অবশ্যই মোবাইল নিয়ে যেতে দিতে হবে বলেও দাবি করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
নেতৃবৃন্দ বলেন, ভোটকেন্দ্রে অবশ্যই ভোটারদের মোবাইল নিয়ে যেতে দিতে হবে। ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা বলেন, শুধুমাত্র ভোটকেন্দ্রে ভোটারদের বুথের ভেতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হতে পারে। তবে ৪০০ গজের সীমার ভেতরে ব্যবহার নিষিদ্ধ করা অযৌক্তিক। এতে ভোট কারচুপির সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি ভোটার উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মোবাইল না থাকলে কারচুপির প্রমাণ থাকবে না। এটা নির্বাচন ঘিরে উদ্বেগ, সংশয় ও হানাহানির সম্ভাবনা বৃদ্ধি করবে।
গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ আরও বলেন, ভোটারদের মোবাইল নিয়ে যাওয়ার সুযোগ না থাকলে, কেন্দ্রে কোনো ঝামেলার আশঙ্কা বা মোবাইল ছাড়া যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা থেকে ভোটাররা কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব