| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেওয়া নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৮:৩৯:৪৮:অপরাহ্ন  |  ৬৫২৫৯৩ বার পঠিত
‘কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেওয়া নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক’

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) হঠাৎ করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অযৌক্তিক, জনবিরোধী এবং সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি বলে মন্তব্য করেছেন তাসনিম জারা। তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুকে দেওয়া পোস্টে তাসনিম জারা লেখেন, নির্বাচনের দিন গণপরিবহন বন্ধ থাকবে। ভোটাররা দূর-দূরান্ত থেকে হেঁটে বা রিকশায় ভোট দিতে আসবেন। এখন তারা যদি ভুল করে ফোন নিয়ে আসেন, তবে তাদের ৪০০ গজ দূর থেকে ফিরিয়ে দেওয়া হবে। ফোন রেখে আবার কেন্দ্রে আসা তাদের জন্য অসম্ভব। এটি মূলত ভোটারদের কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার একটি কৌশল।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ফোন সাধারণ মানুষের জন্য একটি রক্ষাকবচ। কেন্দ্রের আশপাশে কোনো অনিয়ম বা হয়রানি হলে ভিডিও বা ছবি তোলাই তাদের একমাত্র হাতিয়ার। ফোন নিষিদ্ধ করে কমিশন মূলত অনিয়মকে প্রশ্রয় দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। বিশেষ করে নারী ভোটাররা, যারা একা ভোট দিতে আসবেন, তাদের জন্য মোবাইল ফোন ছাড়া বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার অভাবে অনেক নারী ভোটার ভোট দিতে যাওয়াই বন্ধ করে দেবেন।

তাসনিম জারা বলেন, ভোটের গোপনীয়তা রক্ষার জন্য শুধুমাত্র ভোটকক্ষের ভেতরে ফোন ব্যবহার নিষিদ্ধ করলেই যথেষ্ট ছিল। ৪০০ গজ এলাকাজুড়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয়। এ ছাড়া ফোন চেক করার নামে সাধারণ ভোটার ও পোলিং এজেন্টদের হয়রানি করার সুযোগ তৈরি করা হচ্ছে। ভোটের ঠিক আগ মুহূর্তে কোনো আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, আমি নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সিদ্ধান্ত এখনই বাতিল করুন। ভোটারদের নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ দিন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪