স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে সরকার হবে জনগণের কাছে পূর্ণভাবে দায়বদ্ধ। তিনি বলেন, দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া সম্ভব, বিএনপি সরকার ততটাই কঠোর হবে এবং পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। এটি দেশবাসীর কাছে তার ব্যক্তিগত অঙ্গীকার এবং বিএনপির অঙ্গীকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
তারেক রহমান বলেন, জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি স্মরণ করিয়ে দেন, ফ্যাসিবাদী আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারির তথাকথিত ডামি নির্বাচনের সময় তিনি জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশবাসীর প্রতি তার আহ্বান ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া।
তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য।বিএনপির চেয়ারম্যান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নেবেন এবং ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা নিশ্চিত করার দায় তিনি নিজে নেবেন বলেও অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলনীতি হবে মহানবীর আদর্শ অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা।
ভাষণে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে তিনি ও দলের নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে কাজ করছেন।
২০০১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি সরকারের অংশ ছিলেন না উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের একজন কর্মী হিসেবে তিনি সারা দেশে ঘুরে মানুষের সমস্যা ও সম্ভাবনা বোঝার চেষ্টা করেছেন। বিদেশে অবস্থান করতে বাধ্য হলেও তার হৃদয়-মন সবসময় বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্ত ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনার সময় বিএনপির কিছু অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকতে পারে। সেজন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও জনগণের সমর্থন ও ধানের শীষে ভোট চান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি