স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে শেষ দিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভী আহমেদ বলেছেন, জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারত না।
তিনি বলেছেন, ভণ্ডামি করে মানুষের মন জয় করা যায় না। জামায়াতের আমির আল জাজিরায় গিয়ে বললেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব যদি আমরা জিতি। কিন্তু সে সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন, আপনাদের মূল ফেস্টুনে বলা রয়েছে আপনার শরিয়াহ আইন প্রতিষ্ঠা করবেন। তখন তিনি বলেছেন, আমরা ধাপে-ধাপে শরিয়াহ আইনের দিকে যাব।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী মিছিলের আগে একটি জনসভায় রুহুল কবি রিজভী এসব কথা বলেন।
রিজভী আরও বলেছেন, ইসলাম নিয়ে রাজনীতি করা। ইসলামের প্রধান বিষয়টি হচ্ছে অঙ্গীকার বা ওয়াদা রক্ষা করা। সরল সোজা পথে চলা। কোন পথ দিয়ে, কোন গলি দিয়ে ক্ষমতায় যাওয়া যায়- আমির সাহেব সেটাই ভাবছেন। তাই তার যখন যেটা সুবিধা মনে হয়, তখন তিনি সেভাবেই দিনরাত কাজ করছেন। আপনাদের কাছে তার আসল চরিত্র ও বৈশিষ্ট্য ধরা পড়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ঐতিহ্য আছে। এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক।
রিজভী বলেন, এটা কি নারীদের অধিকার রক্ষার বিষয় হলো? একজন নারী কেনো দলের প্রধান হতে পারবে না? আপনারা যে দলটির সঙ্গে ঐক্য করে মন্ত্রীত্বের স্বাদ নিলেন সেই দল বিএনপি। তার চেয়ারপারসন ছিলেন একজন নারী। আপনাদের এই যে কর্মকাণ্ড, আপনাদের মনের ভেতর যে কী জিনিস লুকিয়ে আছে তা কেউ ভাবতে পারবে না।
তিনি আরও বলেন, আপনারা (জামায়াত) মনে করেন যেকোনোভাবেই রাষ্ট্র ক্ষমতা পেয়ে নেই তারপর দেখবো। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে মেয়েদের ক্ষমতা থাকবে না, তারা কর্মক্ষেত্র, রাজনীতি কোনো জায়গায় ভালো অবস্থান নিতে পারবে না যা তাদের কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অনেক নিপীড়ন গেছে বিএনপির ওপর দিয়ে। বেগম খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং তার খাদ্যের মধ্যে বিষক্রিয়া করা হয়েছে। এখন ধানের শীষকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ হবে। এই নির্বাচনী লড়াইয়ের তাৎপর্য অনেক। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমেই তা অর্জন করতে হবে।
এ সময় কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, আমি আপনাদের খাদেম হতে চাই, আপনাদের সেবা করতে চাই। নির্বাচিত হলে আপনাদের সেবায় আমার জীবন উৎসর্গ করব-ইনশাল্লাহ।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব