স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে বিএনপির শীর্ষ নেতারা রাজধানী ও দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দেবেন তার কন্যা, ব্যারিস্টার জাইমা রহমানও। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে তারা ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন।
এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন, মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেবেন সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন হাফিজ উদ্দিন আহমেদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি সূত্রে জানা গেছে, শীর্ষ নেতারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে উপস্থিত থেকে দলের সমর্থকদের উৎসাহিত করবেন এবং ভোটারদের নিরাপদভাবে ভোট প্রদানের জন্য কার্যক্রমে নজর রাখবেন। দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের উৎসাহ এবং ভোটারদের মধ্যে অংশগ্রহণ বৃদ্ধিতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এই তথ্য বিএনপির মিডিয়া সেল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে। এর মাধ্যমে নির্বাচনের দিন শীর্ষ নেতাদের কেন্দ্রে উপস্থিতি এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার দিক নির্দেশনা পাওয়া যাবে।
রিপোর্টার্স২৪/বাবি