স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস মুখে ক্রিকেট বলের আঘাত পাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে স্টোকসের ফুলে থাকা চোখ, কাটা গাল ও ঠোঁট এবং নাকে ব্যান্ডেজ দেখা যায়। ছবির ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, ক্রিকেট বলটার অবস্থা দেখলে বুঝতেন সঙ্গে হাসির ইমোজিও ছিল।
মঙ্গলবার হাসপাতাল থেকে আরেকটি ছবি শেয়ার করে তিনি জানান, দেখে মনে না হলেও অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্টোকস সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর দেশে ফিরেছেন। সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দলের কার্যক্রম পর্যালোচনা শুরু করেছে। তবে স্টোকস জানিয়েছেন, তিনি লাল বলের দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান।
বর্তমানে তিনি ইংল্যান্ডের সাদা বলের দলে নেই এবং ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিচ্ছেন না। সবকিছু ঠিক থাকলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে মাঠে ফিরতে পারেন। এরপর ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডের মৌসুম শুরু হবে সেদিনই স্টোকসের ৩৫তম জন্মদিন।
রিপোর্টার্স২৪/ঝুম