স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেঘনা আলম (৫০) ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রমনা থানায় তিনি এই জিডি করেন। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান।
জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনী প্রচারণা শুরুর কথা ছিল। কিন্তু বিভিন্ন ধরনের হুমকি-ধামকি এবং তার নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারেজমেন্টের কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি।
তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকা। এই আসন থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। ভয়ের কারণে সাধারণত নারীরা এই আসনে প্রার্থী হতে চান না বলেও তিনি অভিযোগ করেন। এবারের নির্বাচনে তিনিই একমাত্র নারী প্রার্থী বলে জিডিতে উল্লেখ করেন।
মেঘনা আলম বলেন, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও বিষয়টি জানান। তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
জিডিতে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। বর্তমান নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য ঝুঁকির প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল বলে দাবি করেন তিনি।
রিপোর্টার্স২৪/বাবি