| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট দিলেন জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৮:৪২:০০:পূর্বাহ্ন  |  ৬২৫৩৮০ বার পঠিত
ভোট দিলেন জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আজ। প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীসহ সারা দেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দিনের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি ঢাকা-১৫ আসনের অন্তর্গত রাজধানীর ৬০ ফিট এলাকায় অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতির মধ্যেই তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত রয়েছে। নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটি এবার অংশ নিতে পারেনি।

মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৮১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে লড়ছেন। জামায়াতের ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে। জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩২ জন প্রার্থী দিয়েছে। স্বতন্ত্রদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এবারের নির্বাচনে ভোটারদের হাতে দেওয়া হয়েছে দুটি পৃথক ব্যালট পেপার একটি সংসদীয় আসনের প্রার্থী নির্বাচনের জন্য, অন্যটি সংবিধানের মৌলিক পরিবর্তন বা ‘জুলাই সনদ’ অনুমোদনের পক্ষে-বিপক্ষে মত দেওয়ার জন্য।

সারা দেশে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৬৫৯টি এবং বুথ সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। ভোটগ্রহণ পরিচালনায় নিয়োজিত রয়েছেন ৮ লাখের বেশি কর্মকর্তা। নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন মোট ৯ লাখ ৭০ হাজার ৯৪৮ জন সদস্য—সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ ও বিএনসিসি ক্যাডেটসহ বিপুলসংখ্যক বাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দায়িত্বে রয়েছেন ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট, যারা দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করবেন।

দেশীয় ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক এবং ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

দ্বৈত ব্যালটের এই নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে কতটা প্রভাব ফেলবে তার উত্তর মিলবে ফল ঘোষণার পরই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪