রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, তারা চাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে তাদের কোনো অভিযোগ থাকবে না। তিনি বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশে তিনি পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে, তা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে।
সারজিস আলম প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদার আচরণের ওপর সর্বোচ্চ আস্থা রাখার প্রত্যাশা জানান।
তিনি অভিযোগ করেন, বিগত কয়েক দিনে তার আসনের বিভিন্ন এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের বাধা, হুমকি ও ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করেছেন। তবে নির্বাচনের দিনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার প্রত্যাশা ব্যক্ত করেন।
সারজিস আলম বলেন, আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করার জন্য নির্বাচনে আসিনি। আমরা চাই এমন পরিবেশ থাকুক, যাতে অভিযোগ করার প্রয়োজন না হয়। কিন্তু কোথাও পেশিশক্তির প্রয়োগ বা ভোটকেন্দ্রে বাধা দেওয়ার চেষ্টা হলে প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখব। তারা ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।
তিনি আরও জানান, পঞ্চগড়-১ আসনে ১৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে জনগণের রায় মেনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। এছাড়া, সব রাজনৈতিক দল সহনশীল আচরণ করলে ২৩টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম