রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী ভোটে বড় সাফল্য পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, নারী ভোটে বাজিমাত করবে জামায়াত। দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে-গঞ্জে নারীদের গণজোয়ার।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ফজরের নামাজের পর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ পরিবার নিয়ে, কেউ প্রতিবেশীদের সঙ্গে এসে ভোট দেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সর্বশেষ তিনটি জাতীয় নির্বাচন বিতর্কের জন্ম দেয়। ফলে এবারের নির্বাচন ঘিরে দেশজুড়ে বাড়তি নজর রয়েছে।
এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।
৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে। নির্বাচনে প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী। বাকি প্রার্থীরা ৫১টি রাজনৈতিক দলের মনোনীত।
সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি, ধানের শীষ প্রতীকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলিসহ মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম