রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ভোট বাংলাদেশের মানুষের জন্য বিশেষ।
কারণ, গত ১৭–১৮ বছর তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এই নির্বাচনের পেছনে রয়েছে বহু মানুষের ত্যাগ অনেক মানুষ জীবন দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, এই দীর্ঘ সময়ে অনেক মানুষ ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। কেউ পুলিশ হেফাজতে মারা গেছেন, কেউ জেলখানায় চিকিৎসাধীন অবস্থায়। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আজ তাদের সবাইকে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি গণতন্ত্রকামী মানুষ এবং রাজপথে অধিকার আদায়ের জন্য লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি নিজের জীবন বিপন্ন করে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন।
আমীর খসরু আরও বলেন, তারেক রহমান জীবন ঝুঁকি নিয়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে তিনি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। এর ফলেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক ব্যবস্থার দিকে ফিরে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
নির্বাচনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, কোথাও পক্ষপাতমূলক কিছু দেখিনি। নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। মানুষ অনুভব করছে যে গণতন্ত্র ফিরে আসছে। দেশের ক্রান্তিকালে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে এবং এবারও সেই আস্থা স্পষ্ট। জনগণ চাইছেন বিএনপি সরকার গঠন করে দেশকে এগিয়ে নিক।
রিপোর্টার্স২৪/ঝুম