স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আন্দোলনের সময়কার সঙ্গীদের পাশাপাশি “কম-বেশি” আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা দেশ পরিচালনা করতে চান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে আসার পর ভোটশেষ হওয়ার আড়াই ঘণ্টা আগে তিনি গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তারেক রহমান বলেন, যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে।”
তিনি ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখে এবং দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোটার উপস্থিতি যতটুকু ঢাকা শহরে দেখেছি, মনে হচ্ছে মানুষ অত্যন্ত উৎসাহভরে তাদের ভোট প্রয়োগ করতে যাচ্ছে।
বিএনপি চেয়ারম্যান উল্লেখ করেন, গত দুই দিনে মানুষজন লঞ্চ, স্টিমার, ট্রেন ও বাসে করে উৎসাহ নিয়ে দেশে ফিরে গেছেন। তিনি আশা প্রকাশ করেন যে ভোটাররা সক্রিয়ভাবে ভোট প্রদান করবে এবং এই প্রত্যাশা বাস্তবায়িত হবে।
কত আসন প্রত্যাশা করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি, যেখানে খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব।
তারেক রহমান আরও জানান, এখনও কিছু ‘অপ্রত্যাশিত’ ঘটনা ঘটছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক। তিনি বলেন, ভোটের সংখ্যা যত বেশি বাড়বে, ততই সব দলের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।
ফল গণনার বিষয়ে তিনি বলেন, দেরি হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে জনগণ দ্রুত ফলাফল জানতে পারে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের উদাহরণ তুলে তিনি বলেন, স্বাভাবিক একটি সাধারণ টাইম ফ্রেম তো আছেই, প্রত্যাশা করব সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ ফল জানতে পারবে।
ভোটের ফলাফল মেনে নেওয়া বিষয়ে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হয়, তাহলে অবশ্যই সব দল ফল মেনে নেবে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিভ্রান্তিমূলক কার্যকলাপ কেউ মেনে নেবে না।
রিপোর্টার্স২৪/এসসি